শুরুতে রান তুলতে জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের করতে হয়েছে সংগ্রাম। সময় যত গড়িয়েছে ততই সচল হয়েছে রানের চাকা। টেস্টের প্রথম সেশনের ৩০ ওভারে সফরকারীদের মাত্র একটি উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ। এক উইকেট হারিয়ে ৮০ রান তুলে দিনের প্রথম ভাগটা নিজেদের করে নিয়েছে ক্রেইগ আরভিনের দল।
আবু জায়েদ রাহি বাংলাদেশকে এনে দেন একমাত্র সাফল্যটি। এ ডানহাতি পেসারের বলে কেভিন কাসুজা (২) পয়েন্টে নাঈম হাসানের হাতে যখন ক্যাচ দিয়ে ফেরেন জিম্বাবুয়ের সংগ্রহ ৭ রান। ইনিংসের তখন অষ্টম ওভার।
পরে আর সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ বোলাররা। প্রিন্স মাসভাউরে ও অধিনায়ক ক্রেইগ আরভিন স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে দলকে নিয়ে গেছেন ভালো অবস্থানে। ৪৫ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছেন জিম্বাবুয়ের বাঁহাতি ওপেনার মাসভাউরে। অধিনায়ক অপরাজিত ২৬ রানে। তাদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৭৩ রান।
টসের বেশ আগেই মিরপুরে ঝলমলিয়ে ওঠে রোদ। সহায়ক কন্ডিশনে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মন্দ হয়নি জিম্বাবুয়ের শুরুটা। মুমিনুল হকের দল একাদশ সাজায় সাত ব্যাটসম্যান, দুই পেসার ও দুই স্পিনার নিয়ে। প্রথম সেশনে চার বোলারকেই ব্যবহার করলেও সাফল্য মিলেছে মাত্র একটি।









