করোনাভাইরাসের আক্রমণে বিশ্বজুড়ে থেমে আছে শুটিং, বন্ধ হয়ে গেছে থিয়েটার, প্রাণহীন হয়ে গেছে শোবিজ অঙ্গন। শুধু এতেই থেমে থাকেনি ভাইরাসটি। করোনায় সংক্রমিত হচ্ছেন বহু তারকা। প্রাণ যাচ্ছে একের পর এক শিল্পী, অভিনেতা-অভিনেত্রী কিংবা নির্মাতা সহ শোবিজ অঙ্গনে জড়িত খ্যাতিমানদের।
শুধু করোনাতেই নয়, অন্যান্য রোগে ভুগেও এ বছর মারা গেছেন বহু গুণী ব্যক্তিত্ব। বাংলাদেশেও হচ্ছে না ব্যতিক্রম। কেউ কেউ কটাক্ষ করে দুই হাজার বিশ সালকে বলছেন ‘দুই হাজার বিষ’! গত সাত দিনের মধ্যেই বাংলাদেশ হারিয়েছে তিন গুণী অভিনেতাকে।
এরমধ্যে গত বুধবার (৯ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছোট ও বড়পর্দার গুণী অভিনেতা কে এস ফিরোজ।
তার শোক ভুলতে না ভুলতে এবার একদিনেই মারা গেলেন দুই অভিনেতা। একজন চলচ্চিত্রের দাপুটে অভিনেতা সাদেক বাচ্চু এবং অন্যজন মহিউদ্দিন বাহার। এরমধ্যে করোনায় আক্রান্ত ছিলেন সাদেক বাচ্চু।
এরমধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ লেখেন, ‘এ কেমন সময় ! অভিনেতা সাদেক বাচ্চু এবং মহিউদ্দিন বাহার চির বিদায় নিলেন। করোনার করাল গ্রাসে একে একে প্রিয় মানুষের মৃত্যতে বিপর্যস্ত আমরা। শোক ছাড়া কিইবা করার আছে আমাদের।’
ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী শাহনাজ খুশী লিখেছেন, ‘এক সপ্তাহে তিনজন গুণী অভিনেতার প্রস্থান! এমনিতেই আমাদের অভিনয় জগতে এমন প্রবীন, অভিজ্ঞ অভিনয় শিল্পী তেমন নাই বললেই চলে! তার মধ্যে ভয়াবহ এ মৃত্যুর ছোবল, মাত্র সাতদিনের মধ্যে ছিনিয়ে নিলো এমন বিজ্ঞজনদের! জানিনা, সামনে আর কী কী অপেক্ষা করছে। আপনাদের এ প্রস্থান এক বিরাট শুন্যতা তৈরি করলো! গভীর শোক এবং সম্মান জানাই,আত্মার শান্তি কামনা করি।’








