২০১৭ সালের পর বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ফের আলোচনায় এই নায়িকা। তবে এবার একটু স্পর্শকাতর বিষয়ে খবর হলেন এই অভিনেত্রী!
জন্মগতভাবেই সনাতন ধর্মের অনুসারি অপু বিশ্বাস। কিন্তু ২০১৭ সালে দেশের তারকা অভিনেতা শাকিব খানের সঙ্গে বিয়ের খবর ফাঁস হওয়ার পর নিজেই বিভিন্ন গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে ধর্মান্তরিত হয়ে ‘ইসলাম ধর্ম’ গ্রহণ করেছেন বলে জানান অপু।
শুধু তাই নয়, নিজের অভিনীত ‘রাজনীতি’ নামের একটি ছবির প্রচারণায় লাইভে এসে নিজেই জানিয়েছিলেন যে তিনি নিয়মিতই নামাজ পড়েন, রোজা রাখেন এবং এগুলো কেউ তাকে শেখায়নি, বরং নিজেই বই পড়ে এগুলো শিখে নিয়েছেন।
তবে ধর্ম নিয়ে ফের ভোল পাল্টালেন অপু বিশ্বাস। নিজেই উস্কে দিলেন নতুন বিতর্ক! সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে অপু নিজেকে ‘মনে প্রাণে হিন্দু ধর্মের অনুসারী’ বলে জানান। শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়কেও হিন্দুরীতিতে বড় করছেন বলে ইঙ্গিত দেন অপু।
বিষয়টি নিয়ে সমালোচনায় মেতেছে নেটিজেনরা। খোদ অপু বিশ্বাসের ভক্তরাই বলছেন, ধর্ম নিয়ে একমুখে দুই কথা বলছেন অপু! অনেকে বলছেন, ধর্ম মানুষের খুব স্পর্শকাতর একটি বিষয়, এটি পালন করা বা না করা খুবই ব্যক্তিগত বিষয়। তাহলে বারবার ধর্মকে কেন সামনে নিয়ে আসছে অপু?
ধর্ম নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনার প্রেক্ষিতে যোগাযোগ করা হয় অপু বিশ্বাসের সাথে। ধর্ম নিয়ে এক মুখে দুই কথা কেন?-এমন প্রশ্নেরও উত্তর দেন তিনি। বলেন: ধর্ম চেঞ্জ করতে হলে খাতা, বিভিন্ন নথিতে করতে হয়। আমার ক্ষেত্রে সেসব করা হয়নি। তবে এটা সত্যি আমি নামাজ পড়েছি, রোজা করেছি। তবে কখনো গরুর মাংস খাইনি। আমি মনে প্রাণে হিন্দুই ছিলাম। আগে কিছু নিউজে বলেছি আমি রোজা করি, নামাজ পড়ি। গত ঈদেও তিনটি খাসি কোরবানি দিয়েছি। হ্যাঁ, আমি সবকিছু সম্মান করি। কারণ, ৯ বছর আমি মুসলিম ধর্মে কাটিয়েছি। কিন্তু আমার সংসার সেখানে আর নেই।
শাকিবকে ভালোবেসে ধর্মান্তরিত হয়েছিলেন, যেহেতু তার সাথে আর সম্পর্ক নেই তাই নিজের ধর্মের রীতিনীতিই পালন করছেন বলেও জানান অপু বিশ্বাস। তিনি বলেন, আজ বাদে কাল আমি মারা গেলে আমার দাফন নয়, দাহ (আগুনে পোড়ানো) হবে। আমার সাথে একজন মুসলিমের বিয়ে হয়েছে। তার আচার রীতি আমি মেনে নিয়েছি। চেয়েছিলাম আমার সংসারটা টেকাতে। কিন্তু সেখানে আমার সংসার নাই। শাকিবের মা-বাবা সবাই জানতো আমি সবসময় পূজা করতাম।
পুত্র আব্রাম খান জয়ের প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি। শুধু বলেন, জয় কোন ধর্মের সেটা ভবিষ্যৎ বলে দেবে। তাকে নিয়ে এখন কোনো কথা নয়। আর আমার ভবিষ্যৎ কী হবে সেটা পুরোপুরি আমার পরিবারের উপর ছেড়ে দিয়েছি (অপু বিশ্বাসের অডিওটি শুনতে ক্লিক করুন এখানে)।
এদিকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পা রাখলো শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম গ্রহণ করেন এই তারকা পুত্র।








