২০২৩ সালের জুনে বায়ার্ন মিউনিখের সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে রবার্ট লেভান্ডোভস্কির। তবে মিউনিখের ক্লাবটির সাথে চুক্তি নবায়ন করবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নন পোলিশ তারকা। দলের কর্তাদের সাথে একটি মিটিংয়ের পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারবেন বলে জানিয়েছেন ৩৩ বর্ষী ফরোয়ার্ড।
শনিবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে বুন্দেসলিগায় টানা দশম শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। শিরোপা জয়ের রাতে প্রেস কনফারেন্সে এসব কথা জানিয়েছেন লেভান্ডোভস্কি।
‘একটা মিটিং হবে। সেখানে কিছু একটা সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু কী সিদ্ধান্ত আসতে পারে সে ব্যাপারে এখনো আমি নিশ্চিত নই। দেখা যাক কী হয়।’
‘মিডিয়াতে আমাকে নিয়ে কী বলা হচ্ছে সেসব আমি দেখি। এসব সংবাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। সিদ্ধান্ত দুই পক্ষের ওপরই নির্ভর করে। সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে।’
২০১৪ সালে ৫০ মিলিয়ন ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দেন লেভান্ডোভস্কি। মিউনিখে ৮ বছরের ক্যারিয়ারে প্রত্যেক মৌসুমে জিতেছেন বুন্দেসলিগা ট্রফি। জিতেছেন একটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি জার্মান কাপ। চলতি মৌসুমের বুন্দেসলিগায় ৩১ ম্যাচে ৩৩ গোল করে শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন পোলিশ স্ট্রাইকার।








