বাংলাদেশের বাসিন্দা না হয়েও, না থেকেও তিনি আছেন এদেশের মনে। তার কণ্ঠের ভালোবাসার স্পর্শ দিয়ে। খোলা হাওয়ায়। একসময় বৈবাহিক সুত্রে বাংলাদেশের সাথে সম্পর্কিত ছিলেন। সেটিও চুকেছে দশ বছর আগে। তারপরও তিনি আছেন।
২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে সমান জনপ্রিয় শান্তিনিকেতনের আবহে বেড়ে ওঠা জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাহানা বাজপেয়ী। ‘হোক কলরব’ খ্যাত শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে সংসার জীবনের সমাপ্তি শেষে ২০০৮ সালে ঢাকা ছেড়ে যান।
তার ঠিক ১০ বছর পর ঢাকায় ফিরেছেন। স্মৃতি ঝালাইয়ের জন্য নয়, এসেছেন গানবাংলা টেলিভিশনের জনপ্রিয় ফিউশনাল সঙ্গীত আয়োজন ‘উইন্ড অব চেঞ্জ’ এ অংশ নিতে। অংশ নিয়েছেনও। ফিরে যাওয়ার আগে বন্ধুদের জন্য বন্ধুদের অনুরোধে বৃহস্পতিবার সন্ধ্যায় গাইবেন রাজধানীর লালমাটিয়ায়। বেঙ্গল বইয়ে। 
২০০৭ সালে ঢাকার বেঙ্গল মিউজিক কোম্পানি থেকে সাহানার প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম ‘নতুন করে পাব বলে’ প্রকাশিত হয়। প্রথম অ্যালবামেই সাড়া পড়ে সঙ্গীত ভুবনে। দ্বিতীয় অ্যালবাম ‘যা বলো তাই বলো’ বের হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে। এরপর লোকগীতি নিয়ে তার তৃতীয় অ্যালবাম ‘মন বান্ধিবি কেমনে’ বেরোয় ২০১৬ সালে।
সিনেমায় সাহানা গলা দিয়েছেন ‘হাওয়া বদল’-এর ‘মোর ভাবনারে’, ‘তাসের দেশ’-এর ‘বলো সখী বলো’, ‘ফ্যামিলি অ্যালবাম’-এর ‘প্যারালাইজড’ গানে। সর্বশেষ বাংলাদেশে রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবিতে ‘তোমায় গান শোনাবো’ গানটি গেয়েছেন তিনি।
২০০৫-এ বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটিতে ইংরেজির লেকচারার হিসেবে যোগ দেন সাহানা। পরে ইউনিভার্সিটি অব লন্ডনে এসওএএস-এ যোগ দেন।
অর্ণবের সাথে বিচ্ছেদের পর সাহানা রিচার্ড হ্যারেট নামে এক ব্রিটিশ নাগরিককে বিয়ে করেন। রোহিনি এলিজাবেথ নামে তার একটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে ৩৮ বছর বয়সী সাহানা ইংল্যান্ডেই থাকেন।








