লর্ডস টেস্টে বিপর্যয়ের ফলে দলের সঙ্গে ডুবেছিলেন বিরাট কোহলিও। আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় থাকা স্টিভেন স্মিথের কাছে হারিয়েছিলেন টেস্টের শীর্ষ ব্যাটসম্যানের জায়গা। নটিংহ্যাম টেস্টের পর আবারও সিংহাসন ফিরে পেয়েছেন ভারত দলপতি।
নটিংহ্যাম টেস্টে দুই ইনিংসে ৯৭ ও ১০৩ রানের ইনিংস খেলেছেন কোহলি। দুই ইনিংস মিলিয়ে কাটায় কাটায় ২০০ রান। তার ব্যাটে চড়ে ভারতও পেয়েছে বিশাল জয়।
পারফরম্যান্সের পুরষ্কার র্যাঙ্কিং দিয়েই পেয়েছেন কোহলি। তার নামের পাশে এখন জ্বলজ্বল করছে ক্যারিয়ার সেরা ৯৩৭ পয়েন্ট। আর মাত্র ১১ রেটিং পয়েন্ট পেলেই টেস্টের সর্বকালের সেরা দ্বিতীয় রেটিংধারী ব্যাটসম্যান হয়ে যাবেন ভারত কাপ্তান। ৯৪৭ পয়েন্ট অর্জন করে সেই স্থান এখন পর্যন্ত দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ।
যেভাবে এগোচ্ছেন তাতে সর্বকালের সেরা রেটিংধারী ব্যাটসম্যান হওয়াও অসাধ্য নয় কোহলির জন্য। ৯৬১ পয়েন্টে তার ধরাছোঁয়ার কাছেই আছেন স্যার ডন ব্র্যাডম্যান। অস্ট্রেলীয় কিংবদন্তিকে ছুঁতে কোহলির প্রয়োজন আর মাত্র ২৪ রেটিং পয়েন্ট। ইংল্যান্ড সিরিজের এখনও দুটি টেস্ট বাকি আছে ভারতের। যেমন ফর্মে আছেন তাতে ইংল্যান্ডের মাটিতেই ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেলার সুযোগ থাকছে কোহলির।








