ঢাকাই ছবির প্রথম সারির নায়ক সাইমন সাদিককে বেশিরভাগ ছবিতেই লাভার বয় হিসেবে দেখা যায়। মাঝে মাঝে ভিন্নরূপে হাজির হলেও পুরো ছবি জুড়েই সাইমনের একটা রূপই দেখা যায়। সম্প্রতি এই নায়ক তার সাদামাটা সেসব চরিত্র ছেড়ে বৈচিত্রময় চরিত্রে নিজেকে মেলে ধরছেন।
উদাহরণ হিসেবে সাইমন টানলেন জান্নাত ছবির কথা। এই ছবির ইফতেখার চরিত্রের মতো বৈচিত্রপূর্ণ চরিত্রে এর আগে কখনো অভিনয় করেন নি তিনি। তবে এই ছবির শুটিং শেষ হওয়ার আগেই আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি।
রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘প্রেমিক’ নামের এই ছবিতেও সাইমনের চরিত্রে বেশ বৈচিত্র রয়েছে।
চ্যানেল আই অনলাইনকে সাইমন বলেন, ‘এই ছবিতে আমাকে দুই রূপে দেখা যাবে। প্রথমে সন্ত্রাসী থাকি। এরপর একটা মেয়ের প্রেমে পড়ে একেবারে রোমান্টিক বয়। রাফটাফ জীবন ছেড়ে প্রেমিক হতে দেখা যাবে আমাকে।’
এ ছবিতে সাইমনের বিপরীতে একজন নতুন নায়িকাকে দেখা যাবে। কিন্তু কে সে? আপাতত এটা চমক হিসেবেই রাখতে চান তারা।
লেখা:সুদীপ্ত সাঈদ খান







