সাকিব আল হাসান আর আন্দ্রে রাসেলের দুরন্ত পারফরম্যান্সে সিপিএলের
ফাইনালে উঠেছে জ্যামাইকা তাল্লাওয়াশ।
ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানের
হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের দুই তারকা।
সেন্ট কিটসে টস হেরে ব্যাট করতে নামে ক্রিস গেইলের জ্যামাইকা। গেইল করেন ৩৫ রান। ৬৭ রানে শীর্ষ ৪ ব্যাটসম্যানকে জ্যামাইকা হারানোর পর রাসেল আসেন। তারপর শুরু তাণ্ডব। কেকেআর সতীর্থ ও বন্ধু সাকিবের সাথে মিলে ১০১ রানের জুটি গড়েন। ১৯ রান সাকিবের।
ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটি রাসেল করেছেন ৪২ বলে। সিপিএলের দ্রুততম সেঞ্চুরি এটি। ৪৪ বল খেলে ঠিক ১০০ রানেই আউট। রাসেলের বিধ্বংসী ইনিংসে ১১টি ছক্কা ও ৩টি চারের মার।
বৃষ্টির কারণে ত্রিনবাগোর সামনে ১২ ওভারে ১৩০ রানের টার্গেট দাঁড়ায়। ১০ ওভারে ২ উইকেটে ৯০ রান তখন তাদের। দুই ওভারে ৪০ রান, তাও ফাইনালে উঠতে, টি-টোয়েন্টিতে অসম্ভব না। হাশিম আমলা ৩৩ ও ব্রেন্ডন ম্যাককালাম ৫ রানে তখন ক্রিজে।
সাকিব আগের ওভারে দেন ১২ রান। এই ওভারের প্রথম বলে তাকে বাউন্ডারি মারেন আমলা। সাকিবের পরের বলটির গতি ও লেংথ ধরতে ব্যর্থ আমলা। স্টাম্পিংয়ের শিকার। সুনীল নারাইন এসে ছক্কা মেরে দিলেন। পরের বলে কেকেআর সতীর্থ ও বন্ধু নারাইনের ওপর শোধ তুললেন সাকিব। এবার তার নিচু ফুলটসে মেরে নারাইন বল তুললেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে।
তিন বলে ২ উইকেট সাকিবের। ম্যাককালাম ১ রান নিলেন। বিপজ্জনক ত্রিনবাগো অধিনায়ক ড্যারেন ব্রাভো অফ স্টাম্পের বাইরের বল মেরে ক্যাচ দিলেন। সাকিব শেষ পেরেকটা পুঁতে দিলেন প্রতিপক্ষের কফিনে। ২ ওভারে ২৩ রানে ৩ উইকেট এই বাঁ হাতি স্পিনারের।
পরের ওভারে রাসেলের দুই উইকেট তার অসাধারণ দিনের প্রমাণ। ১২ ওভারে ৭ উইকেটে ১১০ রানে থামে ত্রিনবাগো। সিপিএল ফাইনালে জ্যামাইকা! প্লে-অফে হেরে যাওয়ায় এই ম্যাচ খেলে শিরোপা লড়াইয়ের জন্য লড়তে হয়েছে তাদের।
৭ আগস্ট (বাংলাদেশের ৮ আগস্ট ভোর ৫টায়) গায়ানা অ্যামাজন ওয়ারির্সের বিপক্ষে সিপিএলের ফাইনালে মুখোমুখি হবে জ্যামাইকা।
দেখুন সাকিবের তিন উইকেট নেয়ার ভিডিও-








