একজন আরেকজনকে ‘উন্মাদ’ সম্বোধন করে বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন দুই ক্ষমতাধর রাষ্ট্রনায়ক ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন।
নর্থ কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে উল্লেখ করে জাতিসংঘে ট্রাম্প যে ভাষণ দিয়েছেন তার জবাবে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘মানসিক বিকারগ্রস্ত বলে’ উল্লেখ করেছেন। কিম জং উনের এই বক্তব্যের পর তাকে ‘উন্মাদ’ বলে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ‘উন্মাদ’ আখ্যায়িত করে কিম বলেছেন, জাতিসংঘে দেয়া ভাষণের জন্য ট্রাম্পকে ‘চরম মূল্য’ দিতে হবে। পাল্টা জবাবে টুইট করে ট্রাম্প বলেছেন, কিম ‘পাগল ছাড়া আর কিছু নন’। এমন পরীক্ষায় তাকে তিনি ফেলবেন, যেমনটা কিম ভাবতেও পারেন না।
বিবিসি জানায়, গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রথম ভাষণে নর্থ কোরিয়াকে ধ্বংস করার হুমকি দিয়ে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যমে ইংরেজিতে বিশেষ বিবৃতি দিয়েছেন কিম জং উন।
কিমও তার বিবৃতিতে হুমকি দিয়েছেন ট্রাম্পকে। ট্রাম্পকে লক্ষ্য করে তিনি বলেছেন ‘আমি অবশ্যই ওই বিকারগ্রস্ত উন্মাদ বুড়োকে আগুনে পুড়িয়ে বশ মানাবো।’
নর্থ কোরিয়া একের পর এক পারমাণবিক বোমা ও ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা শুরুর পর থেকে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কথার লড়াই চলছে।
এই বাগযুদ্ধের প্রতিক্রিয়ায় পরিস্থিতি এখন যথেষ্ট ‘জটিল আর নাজুক’ বলে দুই দেশকেই সতর্ক করেছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র লু ক্যাং বলেছেন, পরস্পরকে উসকানি না দিয়ে সব পক্ষেরই এখন সংযত হওয়া উচিৎ।
সংযত হওয়ার কথা বলেছে রাশিয়াও। এই দুই রাষ্ট্র নায়কের বাকযুদ্ধকে ‘কিন্ডারগার্টেনের শিশুদের লড়াই’ বলে উল্লেখ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, ‘দুই উত্তেজিত মাথাকে আমাদের সংযত করতে হবে।’
অন্যদিকে এর মধ্যেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদার করতে বৃহস্পতিবার নতুন একটি আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে পিয়ংইয়ংয়ের সঙ্গে বাণিজ্য করছে এমন কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।








