একুশের প্রথম প্রহরে ফেসবুক পেজে নতুন গান প্রকাশ করেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়।
অমর একুশের অভিনন্দন। মাতৃভাষাকে প্রনাম। ভাষামাতৃকাকে প্রণাম।
প্রতুল মুখোপাধ্যায়
অমর একুশ অমর একুশ
তবু কেন মনে কুশের ক্ষত
যত গান গাই মঞ্চ সাজাই
শুধু ভিড় করে বেদনা যত।
সরকারি কাজে এ’রাজ্যে আজও
বাংলাতো প্রায় অপাংক্তেয়
শুধুই বাংলা জানে যারা আজও
সভ্য সমাজে রয়েছে হেয়।
বাংলায় বই, বাংলা নাটক
বাংলা সিনেমা, বাংলা গান
পারে কি ঘোচাতে সারা দেশে আজ
বাংলা ভাষার এ’ অপমান।
ইংরেজি আর হিন্দি জানো না!
তাহলে তুমি মূর্খ ভাই
রেলের টিকিটে, যাচ্ছ কোথায়
তোমার ভাষায় ছাপাতো নাই।
আসন আরক্ষণের তালিকা
কোথায় বাংলা, নেই কোথাও!
এ’ অবমাননা সইতে হবে না
যদি তুমি ভিন রাজ্যে যাও।
আমরা খুবই উদার, তাই তো
কখনও করি না এসব দাবী
এই বাঙালিরা গোলামের জাত
মুখের তালায় দিয়েছে চাবি।
বিশ্বেরও নও, ভারতেরও নও
তুমি নিতান্ত আঞ্চলিক
মাতৃভাষাকে মৃতভাষা করো
তাহলেই তুমি থাকবে ঠিক।
প্রতুল মুখোপাধ্যায়ের দারুণ জনপ্রিয় হওয়া গান ‘আমি বাংলায় গান গাই’।








