ভিন্ন নামে চালু থাকা দুটি পেমেন্ট সেবা একীভূত করার ঘোষণা দিয়েছে গুগল। নতুন চালু হওয়া পেমেন্ট সেবাটির নাম দেওয়া হয়েছে ‘গুগল পে’।
গুগল জানিয়েছে, অ্যাকাউন্টে সংরক্ষিত পেমেন্ট সংক্রান্ত তথ্য ব্যবহার করে গুগলের বিভিন্ন পণ্য এবং সেবা ক্রয় করা যাবে। এর মধ্যে আছে ইউটিউব সাবস্ক্রিপশন ক্রয়, প্লে স্টোরে পেইড অ্যাপ কিংবা ইন-অ্যাপ পারচেজ এবং রিটেইল আউটলেটে এনএফসি সুবিধা ব্যবহার করে পণ্যের মূল্য পরিশোধ।
ইতোমধ্যেই এয়ারবিএনবি, ডাইস, ইন্সটাকার্টসহ বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটেও গুগল পে ব্যবহারের মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ চালু হয়েছে বলেও জানিয়েছে গুগল।
দুটি আলাদা সেবা একত্রিত করায় এখন থেকে গুগলের মাধ্যমে আরও সহজে বিভিন্ন অনলাইন লেনদেন সম্পন্ন করা যাবে বলেও আশা প্রকাশ করেছে গুগল।
২০১৫ সালে অ্যান্ড্রয়েড পে চালুর আগ পর্যন্ত গুগল ওয়ালেট ব্যবহার করেই এনএফসি পেমেন্ট করতে হতো। পরবর্তীতে এনএফসি পেমেন্টের জন্য অ্যান্ড্রয়েড পে এবং অন্যান্য পেমেন্ট সুবিধার জন্য গুগল ওয়ালেট বহাল রাখে গুগল।







