আজ শুক্রবার একাত্তরটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল চিত্রনায়ক বাপ্পী ও মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি। এ ছবির মাধ্যমে দুই বছর পর আবার পর্দায় এলো জনপ্রিয় এই জুটির নতুন ছবি। ছবিটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ শানু। এই নির্মাতা জানান, ৭১ হল চূড়ান্ত হয়েছে।
গেল সোমবার সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি। সেন্সরে জমা দেওয়ার পাঁচ দিনের মাথায় ছবিটি মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, প্রচারণার সুযোগ কম পাচ্ছি। তারপরও আস্থার জায়গা থেকে ছবিটি মুক্তি দিচ্ছি। ছবির গান, ট্রেলার আগেই প্রশংসিত হয়েছে।
শাহনেওয়াজ শানু বলেন, অনেক দিন পর বাপ্পী-মাহির সুন্দর একটি ছবি মুক্তি পাচ্ছ। ছবিটি নিয়ে আমি আশাবাদী। একটি ছবিতে দর্শকদের বিনোদন থাকতে যা যা প্রয়োজন তার সব কিছুই এতে রয়েছে। হাতে সময় কম থাকায় ছবিটি নিয়ে প্রচারণা চালাতে পারিনি। তবে আমি মনে করি ছবিটির বেলায় দর্শকই ছবিটির প্রচারক হবেন। ভালো লাগলে তারাই প্রচারণা চালাবেন।
নায়িকা মাহি বলেন, ছবিটির প্রচারণার সময় কম। বাপ্পী ও আমার দুজনের প্রথম ছবি “ভালোবাসার রং” দর্শক দারুণভাবে নিয়েছিলেন। আমার আর বাপ্পীর প্রতি দর্শকের আলাদা আগ্রহ আছে। দীর্ঘদিন পর দুজনের কাজ দেখতে সবাই নিশ্চয় প্রেক্ষাগৃহে যাবেন।
‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিতে আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, শিবা শানু, আরফান, জারা প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে ফোর সিজন ফিল্মস।
উল্লেখ্য, বাপ্পী-মাহি জুটির সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবি হচ্ছে অনেক দামে কেনা। জাকির হোসেন রাজুর পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালে ৮ এপ্রিল








