“১৯৭১ সালে বাঙালিকে নায্য অধিকার থেকে বঞ্চিত করতে অপারেশন ব্লিটজ প্ল্যান করে পাকিস্তানি আর্মি। ২৫ মার্চ রাতে পাকিস্তানি আর্মিদের বিরুদ্ধে কিছু মানুষ প্রতিরোধ গড়ে তোলে।”
-‘ঢাকা মেট্রো’, ‘মানি হানি’র পর এমন গল্প নিয়ে হইচই বাংলাদেশ তৈরি করেছে নতুন ওয়েব সিরিজ ‘একাত্তর’।
তানিম নূরের পরিচালনায় নতুন এ ওয়েব সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফা মনোয়ার, ইরেশ যাকের, মিথিলা, তিশা, মোস্তাফিজ নূর ইমরান, তারিক আনাম, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিন।
ওয়েব সিরিজে সেলিম চরিত্রে মুস্তাফা মনোয়ার, পাকিস্তানি মেজর ওয়াসিম চরিত্রে ইরেশ যাকের, প্রদীপ চরিত্রে শতাব্দী ওয়াদুদ, ক্যাপ্টেন সিরাজ চরিত্রে নূর ইমরান অভিনয় করেছেন।
২৬ মার্চ, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অনলাইন এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম হইচই-তে মুক্ত হবে ‘একাত্তর’। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলনে ওয়েব সিরিজটির ট্রেলার প্রকাশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ‘একাত্তর’ নির্মাণের সাথে জড়িতরা।
পরিচালক তানিম নূর বলেন, মোট আট পর্বে ‘একাত্তর’ ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে। প্রতি পর্ব ২০-২৩ মিনিটের মধ্যে। ৭১ সালের বিভিন্ন ঘটনা থেকে উজ্জীবিত হয়ে ‘একাত্তর’ ফিকশন হিসেবে নির্মাণ করেছি। অপারেশন ব্লিটজটা ধীরে ধীরে বিস্তৃত হয়ে অপারেশন সার্চলাইটে রূপ নেয়। এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। মূল গল্পটা মার্চের। তৎকালীন মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। এখানেই সেই অসাধারণ গল্প তুলে ধরেছি।
একাত্তর ওয়েব সিরিজে পাকিস্তানি সাংবাদিক রূহির চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তিনি বলেন, কাজটির জন্য আমাকে উর্দু শিখতে হয়েছে। চরিত্রটির জন্য অনুশীলন করতে হয়েছে। যেটি এর আগে কোনো কাজের ক্ষেত্রে করিনি। সবমিলিয়ে কাজটি নিয়ে আমি খুব এক্সাইটেড।
নুসরাত ইমরোজ তিশা বলেন, আমি একজন আন্দোলনের সক্রিয় কর্মীর চরিত্রে অভিনয় করেছি যে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হইচইকে ধন্যবাদ এতো চমৎকার একটি কাজ তৈরির জন্য। ক্যামেরার পিছনে যারা কাজ করেছেন তাদের অক্লান্ত পরিশ্রম ছিল বলেই কাজটি ভালো হয়েছে। প্রজেক্টটির সাথে থাকতে পেরে আমি খুশি।
হইচই বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর হাসান বলেন, বাংলাদেশের কনটেন্ট সমগ্র পৃথিবীতে পৌঁছে দেওয়ার আরো একটি চেষ্টা করেছি ‘একাত্তর’-এর মাধ্যমে। যেহেতু বাংলা ভাষার বিনোদন নিয়ে কাজ করছি, এ ভাষা ঘিরেই আমাদের শেকড়, সংস্কৃতি ও ইতিহাস; সে কারণে আমরা কিছু দায়বদ্ধতা এড়াতে পারিনা। একাত্তর আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।







