বাংলাদেশের বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছে নেদারল্যান্ডস। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে একশ ছাড়িয়েছে ডাচরা। দ্রুত রান তুলছেন সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৬০ রানে লক্ষ্যে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডস পঞ্চম ওভারে এসে হারায় প্রথম উইকেট। টাইগার পেসার তাসকিন আহমেদ এনে দেন সাফল্য। নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় ডেলিভারটি শর্ট লেন্থে ছাড়েন ঢাকা এক্সপ্রেস। ডাচ বাঁহাতি ওপেনার মাইকেল লেভিট পুল করতে গিয়ে বল তোলেন আকাশে।
৩০ গজ বৃত্তের ভেতর দাঁড়িয়ে থাকা তাওহিদ হৃদয় সহজেই তালুবন্দী করেন। ১৬ বলে ১৮ রানে থামে ডাচ ওপেনারের ইনিংস।
২২ রানে প্রথম উইকেট হারানো নেদারল্যান্ডস পাওয়ার প্লে’র শেষ ওভারে হারায় ম্যাক্স ও’ ডাউডের উইকেট। ১৬ বলে ১২ রান করে ফেরেন তানজিম হাসান সাকিবকে ফিরতি ক্যাচ দিয়ে। ৭ ওভারে নেদারল্যান্ডস ৫০ রান তোলে ২ উইকেট হারিয়ে।
মাহমুদউল্লাহ রিয়াদ দ্রুত এগোনো ভিক্রাম সিংকে ফিরিয়ে ভাঙেন জুটি। ১৬ বলে ২৬ রান করেন তিন ছক্কায়।
যুক্তরাষ্ট্রে ব্যাট-বল দুটোতেই অনুজ্জ্বল ছিলেন সাকিব। তিনি দলে কেনো এমন প্রশ্নও উঠে যাচ্ছিল। জবাব দিচ্ছেন সাকিব, নেদারল্যান্ডসের বিপক্ষে। চলতি বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে প্রথম ফিফটি এসেছে তার ব্যাটে। সঙ্গে সব ফরম্যাট মিলিয়ে শততম আন্তর্জাতিক ফিফটি পেয়েছেন টাইগার অলরাউন্ডার। উজ্জ্বল সাকিবে ডাচদের সামনে ১৬০ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে টিম টাইগার্স।







