যে দলের উদ্বোধনী বোলার ছেলে, সেই দলের শুরুর ব্যাটসম্যান মেয়ে! বাংলাদেশ ইউনিভার্সিটিতে একটি ক্রিকেট টুর্নামেন্টে এমন দৃশ্য দেখে বিস্ময়ের ঘোর কাটছিল না জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সাথিরা জাকির জেসির। তিনি বলেন, মেয়েদের ক্রিকেট এগিয়ে নিতে এই ধরণের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্টটি আয়োজন করে বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। মোট আটটি দল অংশ নেয়। নিয়মানুযায়ী, প্রত্যেক দলে কমপক্ষে তিনজন মেয়ে রাখতে হবে। একই সঙ্গে দুজন ছেলে ব্যাট করতে পারবেন না। মেয়েরা ব্যাট করতে আসলে মেয়েদেরই বল করতে হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বিভাগের ৪০তম ব্যাচ। রানার্সআপ ৩৭তম ব্যাচকে শেষ বলের লড়াইয়ে হারায় তারা।

টুর্নামেন্টের ফাইনাল দেখতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জেসি। জেসি শুধু একজন ক্রিকেটারই নন, একইসঙ্গে ধারাভাষ্যকার ও সংগঠক। ক্রিকেটের বিভিন্ন অলিগলিতে হেঁটে হয়ে উঠেছেন বিশেষজ্ঞদের একজন।
মেয়েদের মাঠে আনতে বিশেষ নিয়ম তৈরি করে টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান জেসি। তিনি বলেন, ‘আমি ভাবতেই পারছি না একই দলে ছেলে-মেয়ে ক্রিকেট খেলতে পারে। বাংলাদেশ ইউনিভার্সিটিকে আমি ধন্যবাদ জানাতে চাই, মেয়েদের এই সুযোগ করে দেয়ার জন্য।’

টুর্নামেন্ট আয়োজনের পেছনের কথা বলতে গিয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ আলাউদ্দিন বলেন, ‘আমরা সব সময় ভেবেছি শুধু ছেলেরা নয়, আমাদের মেয়েরাও খেলাধুলা করবে। সেই চাওয়া থেকেই ছেলে-মেয়ে ভাগ করে টুর্নামেন্টের আয়োজন করা হয়। আশা করি ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।’








