বাঘে-সিংহে এক ঘাটে জল খায় না, এমন প্রবাদকে মিথ্যে প্রমান করলেন ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তী ব্রাজিলের পেলে ও আর্জেন্টিনার ম্যারাডোনা। ১৬ বছরের চরম বৈরি সম্পর্কের ইতি টেনে কালজয়ী দুই ফুটবলার একই মঞ্চে দাঁড়িয়েছেন, পরস্পর সৌহার্দ্য বিনিময় করেছেন।
তবে তাদের দু’জনের এক মঞ্চ উঠার চেয়ে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে নেতিবাচক মন্তব্যের বিষয়টি আলোচনায় এসেছে বেশি। ফ্রান্সে ২৪ জাতির ইউরো-নেশন্স ফুটবল চ্যাম্পিয়নশীপের উদ্বোধন অনুষ্ঠানে ঘটে এসব ঘটনা।
মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে এই দুই লিজেন্ড পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অসতর্কতায় অন থাকা মাইক্রোফোনে ফাঁস হয় দু’জনের হালকা চালের সংলাপ।
যেখানে প্রকাশ পেয়েছে এ সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসির ব্যক্তিত্ব ও নেতৃত্বগুনের ঘাটতি নিয়ে তারা দু’জনেই একমত।
প্যারিসে আয়োজন করা ওই উদ্বোধন অনুষ্ঠানের পরে সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় ‘ফাইভ এ সাইড’ প্রীতি ফুটবল ম্যাচ। এই ফুটবল উৎসবে অংশ নেয়া দুই লিজেন্ডস দলের কোচের দায়িত্বে ছিলেন ৭৫ বছর বয়সী পেলে ও ৫৫ বছর বয়সী ম্যারডোনা। পেলে এই ম্যাচ খেলেননি, ম্যারাডোনা খেলে দুই গোলও করেছেন।








