রাষ্টপ্রতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, এইডস অভিশাপ নয়। এটি একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। এইডস রোগীদের ব্যাপারে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এইডস রোগীদের প্রতি সহানুভূতিশীল না হলে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়বে।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বাংলাদেশে প্রথমবারের মতো এইডস নিয়ে তিনদিনের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইসিএএপির-১২তম আন্তর্জাতিক কংগ্রেস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এসব কথা বলেন।
রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতেই স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। ২০৩০ সালের মধ্যে এইডস মুক্ত পৃথিবী অর্জনের যে প্রতিপাদ্য তাতে সন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এটা অনেক বড় চ্যালেঞ্জ। কিন্তু সম্মিলিত ভাবে মোকাবেলা করে এই চ্যালেঞ্জকে পরাস্ত করা হবে।
রাষ্ট্রপতি বলেন, এইডস কোনো অভিশাপ নয় বরং একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা। অথচ এইডস রোগীরা সমাজে চরম অবহেলার শিকার হয়। এটা কোনোভাবেই কাম্য নয়। এজন্য জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। অশনাক্ত এইচআইভি আক্রান্তদেও সনাক্ত করতে হবে। কারণ তারা এইচআইভি সংক্রমণের মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে’।
তিনি আরও বলেন,’বাংলাদেশ এইচআইভি ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে এইচআইভি ভাইরাস সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে নেই,ঝুঁকির মাত্রা কম। তবে কর্মসংস্থানের খোঁজে বিদেশে পাড়ি জমানো তরুণদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিৎ’।
৫৬টি দেশের প্রায় ১ হাজার ৫’শ জন ব্যক্তিবর্গের অংশ গ্রহণে এই কংগ্রেস চলবে ১৪ মার্চ পর্যন্ত।







