আজ রোববার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষাটিতে এবারই প্রথম বহুনির্বাচনী অংশ আগে অনুষ্ঠিত হচ্ছে। ১০ মিনিট বিরতি দিয়ে পরের দু’ঘণ্টায় সৃজনশীল অংশের পরীক্ষা। সময় থাকছে ৫০ মিনিট।
এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে গত বছর এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৩৪১ জন।
প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষাবোর্ডগুলোর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানা যায়। প্রশ্ন ফাঁস ঠেকাতে আগের চেয়ে বেশি সতর্ক অবস্থানে সরকার। ছাপা, পরিবহন ও অন্যান্য কাজের সঙ্গে জড়িতদের ছাড়াও বড় বড় কোচিং সেন্টারগুলোকেও রাখা হয় গোয়েন্দা নজরদারিতে।







