কঠিন শর্তে আন্তর্জাতিক দাতাদের ঋণ প্রস্তাব প্রশ্নে রোববারের গণভোটে ‘না’-এর পক্ষে সমর্থন জানিয়েছে গ্রিকরা। তবে গণরায় পক্ষে এলেও ঋণদাতাদের সঙ্গে আলোচনা সহজ করতে পদত্যাগ করেছেন গ্রিক অর্থমন্ত্রী। ঋণগ্রস্ত গ্রিসের জনগণের সাহসী সিদ্ধান্তের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও।
গ্রিসে গণভোটের আগে জনমত জরিপে আভাস ছিলো ‘হ্যাঁ’ এগিয়ে থাকবে। তবে পেনশনের মতো বিভিন্ন সরকারি ব্যয় কাটছাঁটের শর্তকে গ্রিকরা ‘না’- রায় দেয়ায় বড় ধরনের ধাক্কা খেলো ঋণদাতা সংস্থাগুলো। প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে ‘না’-এর পক্ষে, আর ‘হ্যাঁ’-এর পক্ষে প্রায় ৩৮ শতাংশ।
গণরায়ের পর জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। গ্রিকদের এমন সিদ্ধান্তকে ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সমর্থন না করলেও পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ।
গ্রিসের গণভোটের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। চাঙ্গাভাব চীনের শেয়ার বাজারে। তবে জাপান, সাউথ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার শেয়ারবাজারে দরপতন হয়েছে।
গ্রিসের গণভোট পরবর্তী পদক্ষেপ নিতে সোমবার প্যারিসে বৈঠকে বসছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। আর মঙ্গলবার জরুরী বৈঠকে বসতে যাচ্ছে সিদ্ধান্তের সংকটে পড়া ইউরোপীয় ইউনিয়ন ।







