বরুসিয়া ডর্টমুন্ডের বাসে বোমা হামলার ঘটনায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের খেলা একদিন পিছিয়ে দিতে হয়। হামলায় আতঙ্ক জাগানোর পাশাপাশি কেড়ে নিয়েছে বরুসিয়ার খেলোয়াড়দের মনোবলও। কিন্তু টাটকা তিক্ত স্মৃতি নিয়ে একদিন পরই ম্যাচটা খেলতে বাধ্য হয়েছে জার্মান ক্লাবটি। সেটাতে ভীষণ ক্ষেপেছেন দলটির কোচ থোমাস তুশেল। তার ভাষ্য, উয়েফা বাসে বোমা হামলাকে বিয়ার ক্যান হামলা মনে করেছে।
গত মঙ্গলবার ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহনকারী বাসে তিনটি বোমা নিক্ষেপ করা হয়। যাতে আহত হয়েছেন দলটির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বাত্রা। নিরাপত্তার কারণে ম্যাচটি একদিন পিছিয়ে দেয় উয়েফা।
বিলম্বিত খেলা যে পরেরদিনই হবে সেই খবরটি নাকি মুঠোফোনে জানতে পেরেছে ডর্টমুন্ড ক্লাব কর্তৃপক্ষ। এই খবরটি ভীষণ অসন্তুষ্ট করছে বরুসিয়ার কোচ তুশেলকে, ‘আমাদের যেন উপেক্ষাই করা হল, এক মুঠোবার্তায় জানানো হল, কালকে তোমাদের খেলা! উয়েফার হাবভাব দেখে মনে হচ্ছে যেন আমাদের বাসে বোম নয়, কেউ বিয়ার ক্যান ছুঁড়ে মেরেছে।’
বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন জার্মান দলটির খেলোয়াড়রা। ডিফেন্ডার মার্ক বাত্রার হাত ভেঙ্গে গেছে। পরেরদিন খেলতে নেমে মোনাকোর বিপক্ষে নিজেদের মাঠে ৩-২ গোলে হেরে সেমির স্বপ্ন ফিকে হয়ে গেছে ডর্টমুন্ডের। এমন একটি দুর্ঘটনার পরদিনই খেলা রাখার পেছনে যুক্তি খুঁজে পাচ্ছেন না ডর্টমুন্ড কোচ, ‘আমরা একটু সময় পেতেই পারতাম। কিছু কিছু খেলোয়াড় দ্রুতই মানিয়ে নিতে পারে। আবার অনেকেই খেলাটা হৃদয় দিয়ে খেলে। তাদের একটু সময়তো দিতেই হয়।’
বোমা হামলার ঘটনা যে ডর্টমুন্ড খেলোয়াড়দের মনোযোগে ব্যাঘাত ঘটিয়েছিল সেটি মানছেন দলটির তুর্কী মিডফিল্ডার নুরি শাহিনও, ‘এই ধরনের ঘটনার পর ফুটবলে মনোযোগ দেয়া সত্যিই কঠিন। ম্যাচে বলে লাথি মারার আগে আমাদের মাথায় ফুটবল বলে কিছুই ছিল না।’









