কেনিয়ার নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে উড়োজাহাজে থাকা ১৪৯ জন যাত্রী এবং ৮ জন ক্রুসহ মোট ১৫৭ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে ইথিওপিয়ান এয়ারলাইন্স।
নিহত যাত্রীদের মধ্যে ৩৩ জন বিদেশি ছিলেন বলে নিশ্চিত করলেও এখনো বিধ্বস্ত হওয়ার প্রকৃত কারণ জানা যায়নি বলে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে রোববার স্থানী সময় সকাল ৮টা ৪৪ মিনিটে নাইরোবির উদ্দেশ্যে যাত্রা হওয়া ফ্লাইট ইটি ৩০২ উড়োজাহাজটি উড্ডয়নের ছয় মিনিটের মধ্যেই বিধ্বস্ত হয়। ওই সময় উড়োজাহাজটিতে ১৪৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু ছিলেন।
ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয় নিহতদের মধ্যে ৩২ জন কেনিয়ার, ১৮ জন কানাডার , ৮ জন আমেরিকার এবং ৭ জন বৃটেনের নাগরিক ছিলেন।
স্থানীয় সময় রোববার সকাল ১০টা ২৫ মিনিটে উড়োজাহাজটির নাইরোবির জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। স্থানীয় সময় সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়নের পর ৮টা ৪৪ মিনিটে সেটির নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইথিওপিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিবৃতিতে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটি আদ্দিস আবাবা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে বিশোফটু শহরের কাছে ভূপাতিত হয়।
দেশটির প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় নিহত সকলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।







