বলিউড পরিচালক করণ জোহরের পরবর্তী ছবি উৎসর্গ করা হবে তার ছয় মাস বয়সী যমজ সন্তান যশ এবং রুহিকে। ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ মেলবোর্ন ২০১৭’ তে এমনটিই ঘোষণা দিলেন করণ।
দুই সন্তান যশ এবং রুহিকে নিয়ে করণের আহ্লাদ আর ভালোবাসার যেন কোনো কমতি নেই। জন্মের পর তাদের জন্য ঘর সাজানো, পরিচর্যা, ছবি প্রকাশ সব নিয়েই ছিল করণের অনেক ব্যস্ততা। এইতো মাত্র কদিন আগেই প্রকাশ করলেন যমজ সন্তানদের ছবি। বাবা হিসেবে যেন কোনো কিছুরই কমতি রাখছেন না করণ।
বলিউডে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেয়া পরিচালক করণ জোহর, সবকিছুর পাশাপাশি তাই এবার ঘোষণা দিয়ে বসলেন তার আগামী ছবিটি সন্তানদের জন্য উৎসর্গ করবেন তিনি। ছবির কাজ নাকি এবছরের অক্টোবর-নভেম্বর নাগাদ শুরু হবে। এতে অভিনয় করবেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট এবং রণবীর কাপুর।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সারোগসি পদ্ধতির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন করণ জোহর। ইন্ডিয়ান এক্সপ্রেস।








