নববর্ষ উদযাপনে এই প্রথমবারের মতো উৎসব ভাতা পেয়েছেন সরকারী কর্মকর্তা-কর্মচারীরা। বাংলা নতুন বছরকে বরণ করতে তাই এবার তাদের আনন্দ আয়োজন আগের চেয়ে বেশী। বৈশাখী আয়োজনে বিপনিবিতানগুলোতে জমে উঠেছে বর্ষ বরণের কেনা-কাটা।
হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর গৌরবের দিন ১লা বৈশাখ। বাঙ্গালীর এটিই একমাত্র উৎসব যেখানে থাকে না জাতি, ধর্ম, বর্ণ কিংবা ছোট-বড় কোন ভেদাভেদ। সার্বজনীন এই উৎসব আয়োজন আরো আনন্দময় করতে এবারই প্রথম সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উৎসব ভাতার প্রবর্তন।
রাজধানীর বিপনিবিতারগুলোতে বৈশাখী আয়োজনেও রয়েছে ভিন্নতা। দেশীয় পোশাকের দোকানগুলোতেই মুলত উপস্থিতি বেশি। বৈশাখের সাথে মিল করে অনেকেই কিনছেন গহনা আর ব্যাগও।
কাজের চাপে এখন যারা বৈশাখের প্রস্তুতি নিতে পারনে নি তারা অফিসে বসেই দিন গুনছেন কবে যাবেন পরিবারকে নিয়ে কেনা কাটায়।
ব্যবসায়ীরা বলছেন, উৎসব ভাতা বিবেচনা করে তাদের এবার প্রস্তুতি অন্য যে কোন বারের চেয়ে কয়েকগুন বেশি। আর্থিক লাভের অংকটাও অন্য যে কোনবারের চেয়ে বেশি হবে বলে আশা ব্যবসায়ীদের।







