চীনের উহান থেকে ফেরত আসা ৩১২ জন বাংলাদেশি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, বাংলাদেশে আসার পর রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আজ তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন পূর্ণ হবে। আজই তাদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করা হবে দেহে করোনা ভাইরাস রয়েছে কিনা তা চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য। ক্যাম্পে থাকা বাংলাদেশিদের যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে না হয় সেজন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের পরিচয় প্রকাশ না করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর। পরীক্ষা শেষে আজ রাতের মধ্যেই এই বাংলাদেশিরা নিজ নিজ বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক।







