২২ বছর পর শিরোপা জয়ের স্বপ্ন দেখা আর্জেন্টিনাকে ২-২ গোলে প্যারাগুয়ের সাথে ড্র দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করতে হয়েছে। দুর্বল জ্যামাইকার বিপক্ষে ১ গোলের জয় দিয়ে আসর শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়ে।
ম্যাচ ড্র হলেও দেশের জার্সিতেও ঝলক দেখিয়েছেন দারুণ ফর্মে থেকে প্রিয় ক্লাব বার্সেলোনাককে মৌসুমে ট্রেবল জেতানো মেইসি। সঙ্গে ডিমারিয়া-পাস্তোরে-আগুয়েরোদের সম্মিলিত আক্রমণে শুরু থেকেই দিশেহারা প্যারাগুয়ের প্রতিরোধ ভাঙ্গে ২৯ মিনিটে। প্রতিপক্ষের ভুল ব্যাকপাসে বল পেয়ে আগুয়েরোর বুদ্ধিদীপ্ত গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
লিড নেয়ার ৭ মিনিটের মাথায়ই মেসির দারুণ পাসে বল পেয়ে ডি-বক্সের ভেতর পেনাল্টি আদায় করেন ডি মারিয়া। ৩৬ মিনিটে স্পটকিকে ২০০৭ এ মেক্সিকোর বিপক্ষে করা গোলের পর কোপা আমেরিকায় গোলখরা কাটান মেসি।
প্রথমার্ধে বল দখলে পেরে না উঠলেও ম্যাচের ৬০ মিনিটে ২৫ গজ দূর থেকে দর্শনীয় গোল করে প্যারাগুয়ের হয়ে ব্যবধান কমান হাইডু ভালদেজ।
গোল খেয়ে আর্জেন্টাইন আক্রমণের ধার আরো বাড়ে। ৬২ মিনিটে মেসির অসাধারণ চেষ্টা গোলে পরিণত হয়নি। ৫ মিনিট পর পাস্তোরের শটও ঠেকিয়ে দেন প্যারাগুয়ের কিপার সিলভা।
কম যান নি আর্জেন্টাইন কিপারও। প্যারাগুয়ে সমতা ফেরানোর সুযোগ পায় ৭৭ মিনিটে। তা হয়নি আর্জেন্টাইন কিপার রোমেরোর দর্শনীয় সেইভের কল্যাণে।
পরের মিনিটেই ডিমারিয়ার শট আবারো দুর্দান্ত সেইভে ফিরিয়ে দেন প্যারাগুইয়ান কিপার সিলভা।
বেশকিছু সুযোগ পেলেও আলবিসেলেস্তেদের আর লিড নেয়া হয়নি। বরং উল্টো ম্যাচের শেষ মিনিটে প্যারাগুয়ের হয়ে সমতাসূচক গোলটি করে বসেন বারিওস।
ওদিকে, নিষেধাজ্ঞার কারণে দলের তুরুপের তাস লুইস স্যুয়ারেজ না থাকলেও দুর্বল জ্যামাইকার বিপক্ষে উরুগুয়ে জিতেছে।
আরেক তারকা দিয়েগো ফোরলানের বিদায়ী ম্যাচে ক্রিস্টিয়ান রদ্রিগুয়েজের গোলে জয় নিয়েই মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।







