ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাকসুদ কামাল অভিযোগ করেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র চলছে।
উপাচার্য ও প্রক্টরের কার্যালয় ভাঙচুর ও উপাচার্যকে অাটকে রেখে শিক্ষার্থীদের অান্দোলনের ঘটনার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মানববন্ধনে এসব বলেন ওই শিক্ষক নেতা।
বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, আন্দোলনকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলো। তারা রাজনৈতিক ফায়দা নিতেই এ অন্যায় আন্দোলন করেছে।
ভাঙচুর ও উপাচার্যসহ শিক্ষকদের আটক করে আন্দোলন করা উচিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে না করে অন্যায়ভাবে আন্দোলন করা হয়েছে। এসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের অাহ্বান জানান তিনি।









