উদ্বাস্তুদের সাহায্যার্থে বায়ার্ন মিউনিখ। গত কয়েক দিনে সিরিয়া থেকে বহু উদ্বাস্তু নেমেছে জার্মানিতে। তাদের পাশে দাঁড়িয়েছে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন ও জার্মানির সবচেয়ে বড় ক্লাব রায়ার্ন। উদ্বাস্তু শিশুদের জন্য ট্রেনিং ক্যাম্প তৈরি করা ছাড়াও খাদ্যের যোগান দেওয়া হবে। আবার জার্মান ভাষার ক্লাসও নেওয়া হবে।
একটি উদ্বাস্তু প্রকল্পের জন্য ১ দশমিক মিলিয়ন ডলার সাহায্য দেবেন তারা। এছাড়া একটি প্রীতি ম্যাচ থেকে আরো ১ মিলিয়ন ডলার সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে।
ক্লাবের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে এক সরকারি বিবৃতিতে বলেছেন, ‘এটা আমাদের সামাজিক দায়িত্ব। ওদের সাহায্য করা উচিত। ওরা খুব কঠিন পরিস্থিতিতে রয়েছে।’
বায়ার্নের পরের ঘরোয়া ম্যাচ অগসবার্গের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর। সেই ম্যাচে প্রত্যেক ফুটবলার একজন উদবাস্তু শিশুকে নিয়ে মাঠে প্রবেশ করবেন। গত সপ্তাহ জুড়ে জার্মান বিভিন্ন লিগের ম্যাচে দর্শকদের হাতে ‘উদ্বাস্তু স্বাগতম’ নামে বহু ব্যানার দেখা গেছে।
ইউরোপের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছে জার্মানি। ২০১৪ সালের চেয়ে এবছর চারগুণ বেশি উদ্বাস্তুকে আশ্রয়ের কথা জানিয়েছে তারা।






