বিপিএলে এলিমিনেটর ম্যাচে আম্পায়ারের সঙ্গে উদ্ধত আচরণ করায় ম্যাচ ফি’র ২০ শতাংশ অর্থ জরিমানা গুনতে হচ্ছে সাকিব আল হাসানকে।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনা টাইটান্সের ইনিংসের পঞ্চম বলে আবু জায়েদ রাহী ফ্লেচারের এলবিডাব্লিউর আবেদন করেন। কিন্তু পাকিস্তানের আম্পায়ার খালিদ মাহমুদ রাহীর আবেদনে সাড়া দেননি। প্রথমে রাহী ক্ষোভ প্রকাশ করে আম্পায়ারকে গালি দিয়ে বসেন।
কভার থেকে দৌড়ে এসে সাকিবও একই সুরে সুর মেলান। দুজন মিলে আম্পায়ারকে ‘ধুয়ে’ দেন। রাহীকে ওভারের শেষ বল করার জন্য আন্দ্রে রাসেল টেনে নিয়ে গেলেও সাকিব আম্পায়ারের সঙ্গে তর্ক চালিয়ে যান। আক্রমণাত্মক হয়ে হাত দিয়ে আম্পায়ারকে বুদ্ধি খাটানোর ইঙ্গিতও দেন ঢাকার অধিনায়ক!
ওই রেশ পরবর্তী ওভার পর্যন্ত টেনে নেন সাকিব। মাঝের সময়ে আম্পায়ারকে আঙুল তুলে কথা শোনান সাকিব। খালিদ মাহমুদ আঙুল তুলে সাকিবকে সতর্ক করলেও তাকে থামানো যায়নি।
তবে রাহিকেও কোনো ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়নি। মাঠে আম্পায়ারকে স্যরি বলায় পার পেয়ে যান রাহি।








