সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে চলচ্চিত্র মাধ্যমকে আরো বেশি করে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে উদযাপিত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’।
বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী সৈনিক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক জহির রায়হান-এর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ আগস্ট শুক্রবার উদযাপিত হয় এ উৎসব।
১৯ আগস্ট শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ।
‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’- এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী পর্বের শুরুতে জহির রায়হান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’-এর চারটি গান পরিবেশন করেন উদীচী মিরপুর শাখার শিল্পীরা।
বর্তমান সময় এবং উৎসবের মেজাজের সাথে সামঞ্জস্য রেখেই এবারের উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্বাচন করা হয়। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে এ উৎসব। 








