কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও গনিত-১ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে নবম শ্রেণির বোর্ড সমাপনী শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী আজ সকাল ৯ টা থেকে সোয়া ৯টার মধ্যে স্বাস্থ্য বিধি মেনে সকল পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়। এরপর পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হয় উত্তরপত্র। উত্তরপত্রে রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখেন তারা। কিন্তু কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা জানতে পারে ঘূর্ণিঝড় “জাওয়াদের” কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র ও অলোয়া মনিরুজ্জামান বিএম কলেজ পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিষ্ট্রেশন নম্বর লেখার পর ৯ টা ৫৫ মিনিটে জানতে পারে “ঘূর্ণিঝড় জাওয়াদের” কারণে পরীক্ষা হবেনা। পরে পরীক্ষা কক্ষের দায়িত্বে নিয়োজিত থাকা শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে পূরণ করা উত্তরপত্র নিয়ে নেন। এসময় পরীক্ষার পরবর্তী সময়সূচি জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়।। অলোয়া বিএম কলেজ কেন্দ্রে ২৯৬ জন ও নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
শিক্ষার্থীরা জানায়, বৃষ্টিতে ভিজে পরীক্ষার হলে এসেছিলাম। ঘূর্ণিঝড়ের কারণে আগেই যদি পরীক্ষা স্থগিত করা হত তাহলে এ ভোগান্তিতে পড়তে হতনা।
নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব মো.শামছুল আলম বলেন, পরীক্ষা স্থগিতের ঘোষণা পরে আসার কারণে শিক্ষার্থীরা খাতায় রোল ও রেজিষ্ট্রেশন নম্বর লিখে ফেলেছিল। পরে তা তুলে করে নেয়া হয়েছে। তবে প্রশ্নপত্র খোলা হয়নি।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান বলেন, সকাল সাড়ে ৯ নয়টার দিকে মেসেজ আসে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কেন্দ্রে সে মেসেজ পৌঁছে দেয়া হয়। মেসেজ পরীক্ষা কক্ষে পৌঁছার আগেই পরীক্ষার্থীরা রোল রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলে। পরে সে সব খাতা কেন্দ্র সচিবের নির্দেশে উত্তোলন করে নেয়া হয়। তবে কোন প্রশ্নপত্র খোলা হয়নি।






