বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে আর্নস ভেল স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। এ মাঠেই নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল শান্তবাহিনী।
ছোট ফরম্যাটে আফগানদের শক্তি সবারই জানা। মুখোমুখি দেখায় ৬ বার টাইগারদের হারিয়েছে তারা। বিপরীতে বাংলাদেশের জয় ৫ ম্যাচে।
বিশ্বকাপে যদিও আফগানিস্তান বাংলাদেশকে হারাতে পারেনি। মুখোমুখি হয়েছে একবারই। ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে মিরপুরে আফগানদের ৭২ রানে গুঁড়িয়ে ৯ উইকেটে জিতেছিল মুশফিকুর রহিমের দল।
১০ বছর পর বিশ্বমঞ্চে আবার দেখা হচ্ছে দল দুটির। পরিসংখ্যান ও পরিস্থিতি বিচারে আফগানিস্তান কিছুটা হলেও এগিয়ে। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে উজ্জীবিত দলটার লক্ষ্য সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখা।
বাংলাদেশ চাইছে শেষ ম্যাচটা জয়ে রাঙাতে। অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বিধ্বস্ত হয়ে নাজমুল হোসেন শান্তর দল রয়েছে বেশ চাপে।
ভারতের কাছে হারের পর অ্যান্টিগায় সাকিব আল হাসান বলেছিলেন, ‘মনে করি না আমাদের আর সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে। তবে এও বলতে হচ্ছে, একটা জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার এটা এক দারুণ সুযোগ। আমরা মাথা উঁচু করে টুর্নামেন্ট শেষ করতে চাই। আফগানিস্তান খুবই ভালো দল। ওদের হারাতে নিজের সেরা খেলাটাই খেলতে হবে।’
দুই দলের শক্তি প্রায় কাছাকাছি হলেও বাংলাদেশ পিছিয়ে পড়েছে ব্যাটিংয়ে। রশিদ-ফারুকি-গুলবাদিনদের বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং চ্যালেঞ্জ জানাতে পারবে নাকি আরও একবার হতাশ করবে, সে সংশয় নিয়েই হয়ত ভোরে খেলা দেখতে হবে দর্শকদের।
ভারতের বিপক্ষে বিশ্বকাপে ওয়ার্মআপ ম্যাচে চোট পাওয়া শরিফুল ইসলাম এখনও নামতে পারেননি মূল আসরে। শেষ ম্যাচে বাঁহাতি পেসারের নামার সম্ভাবনা প্রবল। ভারতের বিপক্ষে আগের ম্যাচে ফেরার জন্য ফিট থাকলেও ব্যাটার বাড়ানোয় খেলা হয়নি তার।







