কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইউসুফ জালাল নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার সকাল ৬ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইউসুফ জালাল (৫০) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১০ ব্লকের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি খায়ের বলেন: সোমবার সকালে ইউসুফ জালাল ক্যাম্প থেকে বের হয়ে বালুখালী পানবাজার সংলগ্ন স্থানীয় এক মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিলেন। মসজিদের কাছাকাছি এলাকায় পৌঁছলে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাকে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ইউসুফ জালাল মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালুখালীর এমএসএফ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮ টার দিকে তার মৃত্যু হয়।
পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।







