বার্মিংহাম থেকে: বিশ্বকাপে উইকেট খরায় মাশরাফী বিন মোর্ত্তজা। সবশেষ তিন ম্যাচে পাননি কোনো উইকেট। চলতি আসরে দলের তরুণ দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন (১১) ও মোস্তাফিজুর রহমান (১০) দুই অঙ্ক ছুঁলেও টাইগার অধিনায়কের নামের পাশে উইকেট মোটে দুটি।
তাতে অবশ্য চিন্তিত নন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। উইকেট দিয়ে মাশরাফীকে বিচার করতে চান না এ ক্যারিবীয় কিংবদন্তি, ‘উইকেট সব ক্ষেত্রে পারফরম্যান্সের মানদণ্ড নয়। তার ইকোনমি রেট ভালো। সে ভালো বোলিং করেছে। আমি মোটেও চিন্তিত নই। সে তার কাজটা করছে। সেটি করে যেতে থাকলে উইকেট আসবে। সামনে তো দুটি ম্যাচ আছে। আশা করি সে করে দেখাবে।’
ছুটি কাটিয়ে রোববার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। হোটেল ছেড়ে এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে যাওয়ার আগে ওয়ালশ মুখোমুখি হন সংবাদমাধ্যমের। জানান, সকাল থেকে ইংল্যান্ড-ভারত ম্যাচে চোখ রেখেছেন তারা।
ভারতের কাছে ইংল্যান্ড হেরে গেলে লাভটা হবে বাংলাদেশেরও। আরও জমে উঠবে সেমিফাইনালের সমীকরণ। অনুশীলনে গিয়ে বাংলাদেশ দল এখন চিন্তা করবে কেবল ভারত নিয়ে! মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ ধোনি-কোহলিদের দলই।
সাউদাম্পটনে আফগানিস্তানকে হারিয়ে বার্মিংহামে এসে টানা চার দিন ছুটি কাটিয়েছে টিম টাইগার্স। এবার শুরু ব্যাট-বলের অনুশীলন। বিশ্রামে কাটানোয় দল চাঙ্গা অবস্থায় আছে বলে জানালেন ওয়ালশ।
‘বিরতির পর আজ দলের সবাই অনুশীলন শুরু করবে। সবাই খুব ভালো মেজাজ ও উদ্যোমী অবস্থায় আছে। আমাদের চোখ ছিল ইংল্যান্ড-ভারত ম্যাচে। আমাদের সামনে এখন বিগ ম্যাচ, ভারত নিয়েই এখন ভাবছি আমরা।’
রোববার পুরো দলই গেছে অনুশীলনে। আগের ম্যাচে কাফ মাসলে চোট পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও গেছেন মাঠে। সময়মতো টিম বাস ধরতে না পারায় আইসিসির প্রাইভেটকারে চড়ে মাঠে গেছেন অলরাউন্ডার সাইফউদ্দিন। বাস ধরতে ২ মিনিট দেরি করে পরে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়েছে আরও মিনিট দশেক।








