ঈদে শচীনের ‘ভালোবাসা’, শেবাগের ‘শান্তি’

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা। কিংবদন্তি শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ভালোবাসা উপহার দিয়েছেন। আর বীরেন্দর শেবাগ শান্তি কামনা করেছেন।
শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন, ‘ঈদ মোবারক! ভালোবাসা আর আনন্দে ভরে উঠুক সবার জীবন।’
খেলা ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচিত নাম বীরেন্দর শেবাগ। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বাংলাদেশ ম্যাচের আগে ভারতকে ফাইনালের জন্য প্রস্তুত থাকতে বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন। সেই তিনি ঈদে টুইটারে ১০ মিলিয়ন ভক্তের উদ্দেশ্যে লিখেছেন, ‘সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। সবাই শান্তি আর আনন্দে বেঁচে থাকুন।’
ভারতের সদ্য সাবেক কোচ অনিল কুম্বলেও টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতার পর শেখর ধাওয়ানও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষণও।

এছাড়া ঈদের নামাজ আদায়ের পর ভিডিও বার্তায় মোহাম্মদ কাইফ এবং ইউসুফ পাঠান, ইরফান পাঠান ভক্তদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন।






