ঈদের দিন জারি করা কারফিউয়ে ভারত নিয়ন্ত্রণাধীন কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৬০ জন।
নিরাপত্তাবাহিনীর সদস্যরা বেশকিছু গুরুত্বপূর্ণ মসজিদের সামনের রাস্তা বন্ধ করে দিলে তাদের সঙ্গে সাধারণ জনগণের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের একজনের মৃত্যু হয়েছে বান্দিপোরা এলাকায় টিয়ারশেলের আঘাতে। আর অন্যজন শোপিয়ানে পুলিশের পেলেট গানের গুলিতে আহত হয়ে এক পর্যায়ে মারা যায়।
অন্তত ১০টি এলাকা থেকে এমন সহিংসতার খবর পাওয়া গেছে। এলাকাগুলোতে মোবাইল ফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের শ্রীনগরে জাতিসংঘ পর্যবেক্ষকের কার্যালয়ে যাওয়া ঠেকাতে কারফিউটি ঘোষণা করা হয়।
কাশ্মিরের উত্তরের বান্দিপোরা ও দক্ষিণের শোপিয়ানসহ শ্রীনগরেও বিক্ষোভকারীতে ঠেকাতে টিয়ার গ্যাস ও পেলেট গান ব্যবহার করা হয়েছে বলে বার্তা সংস্থা এপিকে জানিয়েছে পুলিশ।
ঈদের মতো একটি উৎসবে কারফিউ জারির ঘটনা ভারতের কাশ্মিরে একেবারেই বিরল। এর কারণে গত ২৬ বছরে এই প্রথম কাশ্মিরের ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
এর পরিবর্তে এলাকার মসজিদগুলোতেই ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা।
কারফিউয়ের কারণে ঈদপূর্ব কেনাকাটার জন্য আগের দিন মার্কেটগুলোতে ভীড় ছিল না বললেই চলে।







