২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। গেল বছর ঘোষণা এসেছিল সেই ছবির সিক্যুয়েল নির্মাণের। তা এবার সত্যি হতে যাচ্ছে।
নিজের ইনস্টাগ্রাম থেকে আসন্ন ছবিটির প্রথম পোস্টার প্রকাশ্যে আনার পাশাপাশি ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করেছেন টাইগার। ‘ওয়ার’ খ্যাত তারকা তার পোস্টে লিখেছেন যে, ‘ডাবল অ্যাকশন ও ডাবল বিনোদন দিয়ে ‘হিরোপন্তি ২’ নিয়ে আসছি এবারের ঈদে। ২৯ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।’
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও আহমেদ খান পরিচালিত এই ছবিতে টাইগারের বিপরীতে থাকছেন তারা সুতারিয়া। সেই সঙ্গে ছবিটিতে চমক হিসেবে থাকছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকী।
ছবিটি সম্পর্কে পরিচালক আহমেদ খান বলেছেন, ‘অ্যাকশনে ভরপুর এই ছবিটির আমাদের কাছে পাঁচটি সুন্দর গান রয়েছে। যেগুলো এ আর রহমান এবং গীতিকার মেহবুব ভাই লিখেছেন। আমি সেগুলোর কোরিওগ্রাফি করছি। ইতিমধ্যে আমরা তিনটি গানের শুটিং করেছি, বাকি দুটির শুটিং হবে।’
গেল বছর ছবিটির ঘোষণা এলেও করোনার কারণে বারবার রিলিজ ডেট পিছিয়েছে এই সিনেমার। কেননা ওটিটিতে রিলিজ না করে সিনেমা হলের পরিস্থিতি স্বাভাবিক হতে অপেক্ষা করছিলেন সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা।







