ঈদের পর মাঠে গড়াবে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। ১৪ জুলাই লিগ শুরুর কথা রয়েছে। দলবদল ৬ ও ৭ জুলাই। বিসিবির উইমেন্স উইং থেকে এ তথ্য জানা গেছে।
গত মৌসুমের এপ্রিলে ছেলেদের লিগের সঙ্গেই শুরু হয় মেয়েদের লিগ। কিন্তু এবার মাঠ সংকটের কারণে লিগ আয়োজন করতে পারেনি বিসিবি। পরে তড়িঘড়ি করে মে মাসে ঢাকার বাইরের দুই ভেন্যুতে টুর্নামেন্টের আদলে জাতীয় লিগ আয়োজন করা হয়।
জাতীয় লিগ শেষে ছুটিতে আছেন নারী ক্রিকেটাররা। ঈদের পর আবারও ব্যস্ততা বাড়বে রুমানা আহমেদ, সালমা খাতুনদের। এবারের লিগে অংশ নেবে নয়টি ক্লাব। ভেন্যু এখনও ঠিক হয়নি।
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন রুপালি ব্যাংক ক্রিকেট ক্লাব। ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন মোহামেডানকে চার উইকেটে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল দলটি।









