এবার ঈদে মুক্তি পাওয়া ‘নবাব’, ‘বস টু’ ও ‘রাজনীতি’ ছবিগুলো প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন চিত্রনায়িকা শাবনূর। শুরুতেই দেখবেন ‘নবাব’ ও ‘রাজনীতি’, এরপর ‘বস টু’। চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘সিনেমা হলে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে ছবি দেখার মজাই আলাদা। এবারও বোরকা পড়ে সিনেমা হলে যাব।’ তবে কবে আর কোন প্রেক্ষাগৃহে যাচ্ছেন, তা জানাতে চাননি।
গত ২৩ জুন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন শাবনূর। প্রথম কয়েকদিন বিশ্রাম নিয়েছেন। পরিবারের সবার সঙ্গে ঈদ করেছেন। জানালেন, মায়ের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন। নিরিবিলি ঢাকায় মাকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়িয়েছেন। বন্ধু আর সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছেন। বললেন, ‘অনেক দিন পর ঢাকায় ঈদ করেছি। খুব ভালো লেগেছে। ঈদের সময়টা দারুণ কেটেছে।’
শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ী ভাবে আছেন। কিন্তু এবার পুরো বছরটা তিনি ঢাকায়ই থাকবেন। জানালেন, আপাতত চলচ্চিত্রে অভিনয় নিয়ে তিনি তেমন কিছু ভাবছেন না। তবে চলচ্চিত্র পরিচালনা করার পরিকল্পনা আছে তার।







