রবি ও গ্রামীণফোনের পর এবার ই-কমার্সে নাম লিখিয়েছে দেশের আরেক মোবাইল অপারেটর বাংলালিংক।
‘বাংলালিংক ই-শপ’ নামে চালু করা এই অনলাইন স্টোরে বান্ডেল অফার, হ্যান্ডসেট, ডাটা প্যাক, পছন্দের নম্বর ক্রয়, রিচার্জ করা, অ্যাকসেসরিজ ক্রয়সহ আরও অনেক ধরনের সেবা পাওয়া যাবে।
বর্তমানে সাইটটির মাধ্যমে ২০টিরও বেশি হ্যান্ডসেট ব্যান্ডেল অফারসহ দেশব্যাপী বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
বাংলালিংক জানিয়েছে, প্রথম ৫০০ ক্রেতার জন্য থাকছে বিশেষ গিফট। আগামীতে প্রতিমাসে সাইটটিকে আরও ডিভাইস, অ্যাকসেসরিজ, বান্ডেল অফার, বিশেষ ডিভাইস ডিল, ন্যাশনাল ওয়াইড স্টোর পিকআপ সার্ভিস, অফার ও ডেইলি ডিলের মাধ্যমে সমৃদ্ধ করে তোলা হবে।
বাংলালিংকের নতুন এই উদ্যোগ সম্পর্কে প্রতিষ্ঠানটির হেড অফ ই-বিজনেস রাশেদ মোসলেম বলেন, ‘বাংলালিংকের ডিজিটালাইজেশনে আরও একটি দৃঢ় পদক্ষেপ হলো এই ই-শপ। সরবরাহ ও অবকাঠামোগত সাহায্যের মাধ্যমে বাংলাদেশে ই-কমার্স ইন্ডাসট্রিকে তুলে ধরা আমাদের লক্ষ্য।’








