জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে। ইতিমধ্যে কয়েকটি দল সংলাপে আগামী নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ দলের প্রস্তাবনা দিয়েছে। এই সংলাপকর্মে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক জোট বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট তাদের প্রস্তাব নিয়ে ইসিতে যাবার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতে ইসলামীর কোন প্রতিনিধির উপস্থিতি ছাড়া সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০ দলীয় জোটভূক্ত নিবন্ধিত ৮ দল অভিন্ন প্রস্তাব দেবে। নির্বাচনমুখী গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে বিষয়টিকে আমরা খুবই ইতিবাচক বলে মনে করছি। সংবিধানের বাধ্যবাধকতার কারণে ২০১৪ সালের ৫ জানুয়ারীর যে নির্বাচন, সেরকম আরও একটি নির্বাচন যেন না হয় সেজন্য এই সংলাপ ও সহায়ক পরিবেশ দরকার। গত ৩১ জুলাই শুরু হওয়া সংলাপ-পরবর্তী সংবাদ সম্মেলনে ইসি বলেছে, নির্বাচনী রোডম্যাপে কোন খানাখন্দ থাকলে সংলাপ তা পূরণ করে আস্থার পরিবেশ ফিরিয়ে আনবে। ইসির সংলাপ সাধারণ মানুষের কাছেও সমান গুরুত্ব রাখছে। আমরাও মনে করি যে, দেশের জনগণ একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। সব দলকে নির্বাচনে আনতে ইসি আয়োজিত সংলাপকে নির্বাচনী নিশ্চয়তা আর নিরপেক্ষতা প্রমাণের এক ভরসা হিসেবে দেখছে সাধারণ মানুষ। সবদলের যৌক্তিক দাবি, জনগণের প্রত্যাশাকে সামনে রেখে ইসি একটি কার্যকর পরিবেশ সৃষ্টি করবে বলে আমাদের ধারণা। এ বিষয়ে সব রাজনৈতিক দল ও দায়িত্বশীল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমাদের আশাবাদ।









