ইসলামিক ব্যাংকিংয়ের প্রচার-প্রসারে বাংলাদেশের ইসলামি ব্যাংকগুলোর সমন্বয়ে গঠিত ‘সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ’ (সিএসবিআইবি)-এর উদ্যোগে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর কাওরান বাজারে গতকাল শনিবার দুপুরে বিজিএমই ভবনে এক্সিম ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে সাংবাদিকদের উপস্থিতিতে ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক’ এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন অনলাইন, প্রিন্ট্র ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম আযীযুল হক বলেন, সাংবাদিকরা সমাজের মুখপাত্র। তারাই ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং সম্পর্কে সত্য তথ্য তুলে ধরবেন। আল্লাহ সুদকে হারাম করেছেন, অনেক ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং-এ কখনো কখনো ভুল ত্রুটি হয়ে যায়। শরীয়াহ বোর্ড এটা শোধরানোর জন্যেই গঠন করা হয়েছে।
সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল এ কিউ এম ছফিউল্লাহ আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হায়দার আলী মিয়া ইসলামি ব্যাংকিং ধারার ইতিহাস বলে ইসলামি ব্যাংকিংয়ের সমৃদ্ধির বিভিন্ন উদাহরণ তুলে ধরেন।
সভায় সভাপতির বক্তব্যে এ কিউ এম ছফিউল্লাহ আরিফ উপস্থিত সাংবাদিকদের মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভার শেষ পর্বে সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের পক্ষ থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সভায় উপস্থিত সাংবাদিকদের মিরাজ রহমানের আঁকা ক্যালিগ্রাফি উপহার প্রদান করা হয়।










