ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে যুক্তরাষ্ট্রকে আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত (আইসিজে)।
এই আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উচিত ইরানে মানবিক পণ্য যেমন খাদ্য, ওষুধ রপ্তানি করা।
বুধবারের ওই আদেশে আইসিজে’র প্রেসিডেন্ট আব্দুলকাউই বলেন, আদালত মনে করে ইরানে মুক্তভাবে মানবিক পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যেকোন বাধা অবশ্যই অপসারণ করা উচিত।
বিবিসি জানায়, আন্তর্জাতিক বিচারিক আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত ইরানের সত্যতা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অবৈধতা ও নির্মমতা প্রমান করে।
তবে যু্ক্তরাষ্ট্র বলছে, যেহেতু এটি জাতীয় নিরাপত্তার ইস্যু, তাই এই মামলায় আইসিজে’র কোন এখতেয়িার নেই।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালত রায় দিতে পারে কিন্তু রায় মানতে বাধ্য করার ক্ষমতা তাদের নেই।
আইসিজে হলো জাতিসংঘের প্রধান বিচারিক প্রাণ এবং এটি সদস্য দেশগুলোর মধ্যে আইনি বিরোধ নিষ্পত্তি করে থাকে। তবে এর আগে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই এই আদালতের রায় উপেক্ষা করেছিল।
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে গত মে মাসে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপরই তারা তেহরানের বিরুদ্ধে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এর বিরুদ্ধে ইরান গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে।







