ইরাকের রাজধানী বাগদাদে একটি হাসপাতালে আগুন লেগে ১১ অপরিণত শিশুর মৃত্যু হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, শহরের পশ্চিমাঞ্চলে ইয়ারমাউক টিচিং হসপিটালের প্রসূতি বিভাগের ভেতর হঠাৎ আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয়, আরও ৭ শিশু ও ২৯ নারীকে ঘটনার সময় এবং পরে সেখান থেকে সরিয়ে অন্য হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে ১৯ জনকে আগুনে পোড়া এবং ফুসফুসে ধোঁয়া ঢুকে যাওয়ার কারণে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে আগুন লেগে থাকতে পারে।
দুর্ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে বেশ কিছু রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান এবং শপিং সেন্টারে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে।







