ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহুর প্রায় ১০০ কোটি ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে তথ্য চুরি করেছে হ্যাকাররা। ২০১৩ সালে এই তথ্য চুরির ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে ইয়াহু কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, সেপ্টেম্বরে যে ৫০ কোটি অ্যাকাউন্ট থেকে তথ্য চুরির ঘটনা তারা প্রকাশ করেছিল, এই হ্যাকিং তার থেকে আলাদা। হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, টেলিফোন নম্বর এবং পাসওয়ার্ড চুরি করেছে বলে জানানো হয়েছে।
তবে পেমেন্ট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি যায়নি বলে নিশ্চিত করেছে ইয়াহু।
সেপ্টেম্বরের শেষে প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু নিশ্চিত করে হ্যাকাররা সংস্থাটির ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। ওই সময় ঘটনাটিকে বলা হয়েছিল, এটি ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা।
এ বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের টেলিকম প্রতিষ্ঠান ভেরিজন প্রায় ৫শ’ কোটি ডলারে ইয়াহুকে কিনে নেয়। ভেরিজন জানিয়েছে, হ্যাকিংয়ের ঘটনা তদন্তে প্রতিষ্ঠানটি পুলিশ এবং কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।







