যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ইমাম ও তাঁর সহকারীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ব্যক্তিকে অভিযুক্ত করেছে নিউইয়র্কের গ্র্যান্ড জুরি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ওই হত্যাকাণ্ডে অভিযুক্ত অস্কার মোরেল হত্যার দায় অস্বীকার করেছেন। এ ঘটনায় অপরাধ প্রমাণিত হলে অস্কার মোরেল প্যারোলের কোনো সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যার কারণ এখনো অস্পষ্ট, ‘হেট ক্রাইম’ হতে পারে। মুসলিমদের প্রতি বিদ্বেষ থেকে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।
গত ১৩ আগস্ট কুইন্সের ওজোন পার্ক এলাকার আল-ফোরকান জামে মসজিদের ইমাম আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর সহকারী তারা উদ্দিন মসজিদ থেকে বেরোনোর সময় তাঁদের গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় পরবর্তীতে অস্কার মোরেলকে গ্রেফতার করা হয়।
কুইন্স ডিসট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড ব্রাউন গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছেন, অভিযুক্ত ব্যক্তির এ কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে গভীরভাবে আঘাত করেছে। হত্যার শিকার হওয়া দুই ব্যক্তিই ছিলেন শান্তিপ্রিয়, সজ্জন। তাঁদের মৃত্যু পরিবার ও সম্প্রদায়ে অপূরণীয় ক্ষতি করেছে।
উল্লেখ্য, আট বছর আগে হবিগঞ্জের আলাউদ্দিন আখুঞ্জির বড় মেয়ে জান্নাতুন নাইয়ানের বিয়ে হয় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে। সেই সুবাদে যুক্তরাষ্ট্রে দুই বছর আগে স্থায়ীভাবে বসবাসের সুযোগ হয় সাত সন্তানের বাবা আলাউদ্দিনের। পরে স্ত্রী-সন্তানদের সেখানে নিয়ে যান।










