সুপার ফোরে গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে ঢুকেছেন ইমরুল কায়েস এবং নাজমুল ইসলাম অপু।
মিডলঅর্ডারের ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত বাদ পড়েছেন ইমরুল আসায়। আর পেসার রুবেল হোসেনকে বসিয়ে স্পিনার অপুকে খেলাচ্ছে টাইগাররা।
হার-জিতের দিক থেকে সুপার ফোরে দুই দলেরই একই অবস্থা। একটি করে ম্যাচ খেলে হেরেছে তারা। তবে দলীয় পারফর্ম্যান্সের বিবেচনায় আফগানিস্তান এগিয়ে থাকবে। গ্রুপ পর্বে বাংলাদেশকে হারানোর পর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে লড়াকু ক্রিকেট খেলেছে তারা। অন্যদিকে বাংলাদেশের ব্যাটিংয়ে নাজেহাল অবস্থা।
আফগানিস্তানের তিন স্পিনারই বড় হুমকি। মুজিব উর রহমান, মোহাম্মদ নবী এবং রশীদ খান কেউই ওভার প্রতি ৩.৫০’র বেশি রান দেননি। নতুন বলে মুজিবের বোলিং বৈচিত্র্য দেখার মতো। তাকে সঙ্গ দিচ্ছেন অভিজ্ঞ নবী। মিডল-অর্ডারে ভাঙন ধরাতে রশিদ তো আছেনই।
বাংলাদেশের মাশরাফী এবং মুশফিক দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে। দুই উইকেট পেলে ওয়ানডেতে ২৫তম ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেটের মালিক হবেন মাশরাফী।
শুধু পেসারদের মধ্যে আড়াইশর’ মাইলফলক ছুঁতে পেরেছেন মাত্র ১৪ বোলার। বর্তমানে ক্রিকেট খেলছেন এমন পেসারদের মধ্যে আড়াইশ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন কেবল শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। ২০৪ ম্যাচে ৩০১টি উইকেট এ লঙ্কানের।
মুশফিক অপেক্ষায় আছেন তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার ওয়ানডে রান ছোঁয়ার। দরকার আর মাত্র ৭ রান।
প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। পরে ছাড়িয়ে যান ৬ হাজারও। এ বাঁহাতি ওপেনার টাইগার জার্সিতে ১৮৩ ম্যাচে ১৮১ ইনিংসে করেছেন ৬৩০৭ রান। ৫ হাজারের বেশি রান আছে সাকিবেরও।








