জ্লাতান ইব্রাহিমোভিচের পেনাল্টি মিসের মাশুল গুনতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। সুযোগ হাতছাড়ার ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে হোসে মরিনহোর দলকে।
এই ড্রয়ে ২৬ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে থাকল ম্যানইউ। ম্যাচটি জিততে পারলে অবশ্য পয়েন্ট টেবিলের চারে ওঠার সুযোগ থাকত রেড ডেভিলদের।
ওল্ড ট্রাফোর্ডে শনিবার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলের রুনি-ইব্রারা। দ্বিতীয় মিনিটেই গোলের সহজ সুযোগ মিস করেন রুনি। পরে ২৩ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার কিক থেকে পাওয়া বলে আর্জেন্টাইন রোহোর গোলে এগিয়ে যায় ম্যানইউ।
অবশ্য বিরতির আগেই সমতা ফেরায় অতিথিরা। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে বোর্নমাউথকে সমতায় ফেরান জোসুয়া কিং। তার পাঁচ মিনিট পর অতিথিদের অ্যান্ড্রু সুরমান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় বোর্নমাউথ। পরে সমতায় থেকেই বিরতিতে যায় দুদল।
মধ্যবিরতির পরপরই আবারো দুটো সহজ সুযোগ হাতছাড়া করেন ইব্রাহিমোভিচ ও রুনি। ৭২ মিনিটে পেনাল্টি পেয়েছিল ম্যানইউ। ইব্রা সেই সুযোগটিও হাতছাড়া করলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। স্পটকিকটি দুর্দান্ত ক্ষীপ্রতায় ফিরিয়ে দিয়েছেন বোর্নমাউথের গোলরক্ষক আর্তুজ বোরুখ।
শেষ পর্যন্ত আরেকবার প্রতিপক্ষের জাল মুখ খুলতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের।







