ইফতার মাহফিলে গিয়ে বিএনপি নেতারা রাজনৈতিক বক্তব্য রাখছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন: ইফতার নিয়েও রাজনীতি করছে বিএনপি। ইফতারের সময় তারা রাজনৈতিক বিদ্বেষ ছড়াচ্ছে।
ওবায়দুল কাদের বলেন: তারা রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। শুধু দেশের মানুষ নয় বিদেশিদের কাছেও নালিশ করছে তারা।
সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ঢাকাস্থ কোম্পানীগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের। সেখান থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন: এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছু না। রাজনীতিতে তারা এত নিচে নেমে গেছে যে, ইফতার পার্টিতে এসে রাজনীতি করছে এবং বিদেশিদের কাছে অশ্রাব্য ভাষায় নালিশ করছে। যেটা রাজনৈতিক ভাষা নয়, তারা সেটাও বলছে। আমরা সেটা করি না, করবো না।
এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতারের সময় রাজনৈতিক বক্তব্য রাখেন না বলেও জানান।
জেলখানায় খালেদা জিয়া ভালো রয়েছেন বলে বিএনপি নেতাদের আশ্বস্ত করেন কাদের। বলেন: আমরাও জেলখানায় ছিলাম। বেগম জিয়া যেই জায়গাটায় আছেন, সেটা আমরা দেখেছি। সেখানে যেভাবে রুমটাকে সাজানো হয়েছে। একদম ফার্স্টক্লাস জায়গায় আছেন, যেখানে আমরাও ছিলাম।
খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন: খালেদা জিয়ার চিকিৎসা করা হচ্ছে। চিকিৎসার জন্য আরো কিছু করার দরকার হলে সরকার করবে।
এ প্রসঙ্গে জেলে খালেদা জিয়ার দেওয়া বিভিন্ন সুবিধার কথা তুলে ধরে কাদের বলেন: দেখুন কারাগারে ব্যক্তিগত গৃহ পরিচালিকা রাখার কোন সুযোগ নেই। সেটাও এলাউ করা হয়েছে। তার জন্য ব্যক্তিগত চিকিৎসক রাখার কোন নিয়ম নেই, এই নিয়মও বেগম জিয়ার জন্য ভাঙা হয়েছে, কারণ তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী। ওনাকে আমরা অপমান করতে চাই না।
বর্মমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন: তারা গতবার নির্বাচনে যায়নি, সেজন্য নির্বাচনের বৈধতার কোন সংকট হয়নি। এবারও হবে না।
এমন সিদ্ধান্ত বিএনপির জন্য আত্মঘাতী কিনা তা বিএনপিকে ভেবে দেখার পরামর্শ দেন ওবায়দুল কাদের।







