ইফতারে বেগুনি, পিঁয়াজু, আলুরচপের সঙ্গে আর নতুন কোন আইটেম ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায়? যা এক সঙ্গে হবে মুখোরচক ও স্বাস্থ্যকর। এক্ষেত্রে সবজি স্প্রিংরোলের কোনো তুলনা হয়না। সারাদিন রোজা থাকার পর ইফতারে একটু ঝাল ঝাল আর মচমচে এই রোল প্রতিদিনের আইটেমে নিয়ে আসবে ভিন্ন স্বাদ। বিভিন্ন মৌসুমি সবজি দিয়ে তৈরি করা হয় বলে ইফতারের পর এই স্প্রিং রোল শরীরের জন্যও অনেক উপকারি। আর অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায় বলে কষ্টও কম। পরিবারের প্রায় সব সদস্যরই পছন্দ হবে এই সবজি স্প্রিংরোল।
কীভাবে তৈরি করবেন এই স্প্রিং রোল-
প্রয়োজনীয় উপকরণ: ২টি বড় আলু কুচিঁ করে কাটা, ২টি বড় গাজর কুঁচি করে কাটা, ২’শ গ্রাম বরবটি ছোট ছোট করে কাটা, ১টি ছোট পেঁপে কুঁচি করে কাটা, ২টি ডিম, ৫টি পেঁয়াজ কুঁচি, ৫থেকে ৬টি কাঁচামরিচ গোল গোল করে কাটা, লবণ পরিমাণমতো, ৬বড় টেবিল চামচ ময়দা, ১চাচামচ সোয়াসস, সাদা বা কালো গোলমরিচ গুঁড়ো কয়েক চিমটি, ৪টি টোস্ট বিস্কিট গুঁড়ো, ভাজার জন্য পরিমাণমতো তেল।
প্রস্তুত প্রণালী: প্রথমে ময়দাতে সামান্য লবণ, একটু তেল ও পানি দিয়ে রোলের জন্য খামি তৈরি করতে হবে। ছোট ছোট করে গোল গোল রুটি বানিয়ে রাখতে হবে। অন্যদিকে একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ ও মরিচকুঁচিসহ সব সবজি তেলে দিয়ে ভালোভাবে নাড়তে হবে। সাথে পরিমাণমতো লবণ দিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে গোলমরিচ গুঁড়ো ও সয়াসস দিতে ভালোভাবে নেড়ে নামিয়ে ফেরতে হবে। এবার তৈরি করে রাখা রুটিগুলোর ভিতর সবজির পুর ভরে রুটি রোল করে ফেলতে হবে।
রোলের কোনাগুলো আটকানোর জন্য সামান্য ময়দা ও পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিতে হবে।সেই পেস্ট দিয়ে রোলের দুই দিকের কোনাগুলো আটকে দিতে হবে।এবার ডিম ২টি একটি পাত্রে নিয়ে ভালো করে ফেটতে হবে।রোলগুলো ডিমে চুবিয়ে এর বিস্কিটের গুড়োয় চুবিয়ে ডুবো তেলে ভাঁজতে হবে।
রোলগুলো বাদামি হয়ে আসলে নামিয়ে ফেলতে হবে। ব্যস! খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যাবে মচমচে ঝাল ঝাল সবজি স্প্রিংরোল।






