মেল্টডাউন ও স্পেকট্রা নামের দুটি নিরাপত্তা ত্রুটির পরে নতুন আরও কিছু ত্রুটি খুঁজে পেয়েছ নিরাপত্তা বিশেষজ্ঞরা। ওই ত্রুটির সুযোগে হ্যাকাররা দূর থেকেই করপোরেট ল্যাপটপের তথ্য চুরি করতে পারে বলে জানিয়েছে তারা। ফিনল্যান্ডভিত্তিক সাইবার নিরাপত্তা কোম্পানি ‘এফ-সিকিউর’ ইন্টেল হার্ডওয়্যারে নতুন এসব নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়ে তথ্য প্রকাশ করেছে।
গুগলের সাইবার নিরাপত্তা গবেষকরা সম্প্রতি ইন্টেলসহ বেশ কয়েকটি চিপ নির্মাতা কোম্পানির প্রসেসিং চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেছে। গবেষক দলটি দুটি নিরাপত্তা ত্রুটি শনাক্তের কথা বলেছে। প্রথমটি – মেল্টডাউন, যা ইন্টেল চিপসম্পর্কিত। দ্বিতীয়টি- স্পেকট্রা; যা ইন্টেল, এএমডি ও এআরএম সম্পর্কিত।
বিবৃতিতে এফ-সিকিউর জানিয়েছে, নতুন খুঁজে পাওয়া ত্রুটির সঙ্গে আগের আলোচিত স্পেকট্রা কিংবা মেল্টডাউন নিরাপত্তা ত্রুটির সম্পর্ক নেই। এটি ইন্টেল অ্যাক্টিভ ম্যানেজমেন্ট টেকনোলজি (এএমটি) সম্পর্কিত বিষয়, যা অধিকাংশ করপোরেট ল্যাপটপে খুঁজে পাওয়া গেছে। নতুন এ নিরাপত্তা ত্রুটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ডিভাইসের পুরো নিয়ন্ত্রণ নিতে হ্যাকারদের সহায়তা করে। এর ফলে বিশ্বের লাখ লাখ ল্যাপটপ সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে।
এফ-সিকিউরের কনসালট্যান্ট হ্যারি সিনটোনেন ইন্টেলের নতুন নিরাপত্তা ত্রুটিটি শনাক্ত করেছেন। হ্যারি সিনটোনেন বলেন, গ্রাহকদের রক্ষা করতে ইন্টেলের শক্তিশালী এএমটি পাসওয়ার্ড সেট করা উচিত।
ইন্টেল চিপের নিরাপত্তা ত্রুটি বের করার এই প্রক্রিয়াকে প্রশংসা করেছে ইন্টেল। ইন্টেলের এক মুখপাত্র জানান, সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার জন্য অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্সের (ওইএমএস) কাছে আমরা জোর দাবি জানিয়ে থাকি। ইন্টেলের কাছে গ্রাহকের নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।







